বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী
৩১ আগস্ট ২০২৬

ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ কমিয়ে বাংলাদেশে সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। একদিন ১০০ মেগাওয়াট দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে সরকার দ্রুতগতিতে নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে। গ্যাসের সংকটের কারণে ডিজেল ও কয়লাচালিত নয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করতে উচ্চমূল্যে বিপুল পরিমাণ এলপিজি কেনা হয়েছে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করা সম্ভব হবে।

‘দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে’

স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির সমালোচনা করেন। তিনি বলেন, গত ১৭ বছরে দুর্নীতি বিভিন্ন প্রতিষ্ঠানে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। ঘুষ ও অনিয়মের সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্বাস্থ্য খাতের দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ফরিদপুর ও বরিশালে প্রায় ১৮ কোটি টাকা করে কেনা দুটি এমআরআই মেশিন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান না থাকায় বিপুল অর্থ ব্যয়ে কেনা বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

বিগত সরকার স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি কিনলেও সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেন মন্ত্রী।

মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমাজে মাদক এখন ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। মাদক, ইয়াবা ও অনলাইন জুয়া নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে।

মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও কাউন্সেলিং করার ওপর গুরুত্ব দেন তিনি।

ধর্ষণ ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়াকে সরকারের সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যসেবায় নজরদারি বাড়ানোর আহ্বান

স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাখাওয়াত হোসেন বকুল বলেন, চিকিৎসক ও নার্সের সংকটসহ নানা সমস্যা রয়েছে। তবে গত ছয় মাসে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি বাড়াতে সফলতা এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শুধু অফিসে বসে থাকলে হবে না। মাঠপর্যায়ে গিয়ে জনগণের সমস্যা জানতে হবে এবং নিয়মিত তদারকি করতে হবে।

দেশের উন্নয়নে দুর্নীতি ও মাদক বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।