নবম পে-স্কেলে ভাতা মিলবে ২০২৮ সাল থেকে
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও এর বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেডই বহাল থাকছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নতুন কাঠামোয় সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে বেতন-ভাতা বাস্তবায়নের অন্যতম কারণ হলো একসঙ্গে বিপুল অর্থ ব্যয়ের চাপ কমানো এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ন্ত্রণে রাখা। বাস্তবায়নে ১০ম থেকে ২০তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে।
নতুন বেতন কাঠামোর ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীসহ প্রায় ৩৩ লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।


