শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শিগগিরই সাক্ষাৎ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামনে ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ অপেক্ষা করছে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
চিঠির শুরুতে তারেক রহমানের পাঠানো বোয়িং উড়োজাহাজ কেনা-সংক্রান্ত চিঠি পাওয়ার কথা উল্লেখ করেন ট্রাম্প। বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
বোয়িং উড়োজাহাজ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’
এরপর তারেক রহমানের সঙ্গে দ্রুত সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে ট্রাম্প লেখেন, তিনি খুব শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার প্রত্যাশা করছেন।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতে অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশটির জনগণ ও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
চিঠির শেষাংশে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানান ডোনাল্ড ট্রাম্প।


