২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
৩ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১০ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এক সপ্তাহ বিরতির পর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। এটি ১৭ জানুয়ারি রোববার শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীদের সঙ্গে মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়টিও আলোচনায় এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা সাদের আগমনের বিষয়ে সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয় ভিসা নীতিমালা অনুযায়ী নেবে।

দুই পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ইজতেমার সূচি নির্ধারণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।