বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা শুধু কাগজে-কলমে বা ধর্মীয় গ্রন্থে নয়, বাস্তব জীবনেও নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে রাষ্ট্রের কাছে সেটি মুখ্য নয়। একজন মানুষ প্রথমত স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীন নাগরিক হিসেবে কেউ নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেবেন না।
তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন। তাদের এই ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন।
তিনি সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।


