লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জাতীয়
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
৫ সেপ্টেম্বর ২০২৬

যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ রুখতেই ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যদি লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে চলমান আন্দোলনের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।

এর আগে সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সমাবেশে জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

জোটের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর রওনা হওয়ার কথা রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাক স্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। পরে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।