জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়
জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখনো সফরের তারিখ নির্ধারণ করা হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এ সময় মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের যেখানে অংশ নেওয়া প্রয়োজন, সেখানে যুক্ত হতে কোনো সমস্যা নেই। মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানও অস্বাভাবিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং উড়োজাহাজ কেনা হতে পারে বলেও জানান তিনি।