বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই

জাতীয়
বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই
৬ সেপ্টেম্বর ২০২৬

কৃষকদের বিনা সুদে কৃষিঋণ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আমির খসরু বলেন, দেশের কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে কৃষকদের জন্য সহজ শর্তে এবং স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অব্যাহত রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ গ্রাহকদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করে। এসব আমানতের বিপরীতে ব্যাংককে আমানতকারীদের সুদ দিতে হয়। ফলে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের সুদহীন ঋণ দেওয়া ব্যাংকের পক্ষে সম্ভব হয় না।

সম্পূরক প্রশ্নে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার বিনা জামানতে কৃষকদের ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ দেওয়ার বিষয়ে জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনা জামানতে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ বিতরণেরও আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের সহজে ঋণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।