সংঘাত-হানাহানি নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
সংঘাত-হানাহানি নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির
৬ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংঘাত ও হানাহানিতে না জড়িয়ে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হলে দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে শিগগিরই বিনিয়োগকারীদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের মানুষের শান্তিপ্রিয়তার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এ জেলার মানুষ কোনো ধরনের ঝামেলা পছন্দ করেন না। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, তবে রাজনীতিকে কেন্দ্র করে যেন কোনো সংঘাত সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান রাষ্ট্রপতি।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে ঠাকুরগাঁও সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের সমাধিতে দোয়া ও মোনাজাত করেন।

দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফর শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।