বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রুহুল কবির রিজভী

রাজনীতি
বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদে নিজেদের বক্তব্য তুলে না ধরে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লং মার্চ’-এর কর্মসূচি দিয়ে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, রাজপথের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। এ ধরনের বক্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্রের ওপর আঘাতের অভিযোগ তোলা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল পরিস্থিতি নিয়ে সমালোচনা করলেও সংকট মোকাবিলায় সংসদের ভেতরে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। বরং তারা সংসদের বাইরে থেকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক বিষয়গুলোও জনগণের সামনে তুলে ধরতে তারা আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর দাবি, সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডকে ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা হিসেবে সংসদে দাবি ও প্রস্তাব তুলে ধরার পরিবর্তে রাজপথে কর্মসূচি দেওয়া সরকারের উন্নয়ন ও অর্জন আড়াল করার অপচেষ্টা।

এদিকে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে দাবি করে দলের নেতাকর্মীদের প্রতি পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতিও দলের নেতাকর্মীদের শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।