প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

জাতীয়
গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে
৮ সেপ্টেম্বর ২০২৬

গ্যাসের সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাস সরবরাহের সংকট কেটে গেলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে। ফলে বর্তমানে যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, সেটি আর এতটা প্রকট থাকবে না বলে সরকার আশা করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নেওয়া উচিত। তবে দেশের সবচেয়ে বড় শহর হওয়ায় এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহে ঢাকাকে কিছুটা অগ্রাধিকার দেওয়া হতে পারে।

তিনি বলেন, ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরকার সরে এসেছে। এ কারণেই রাজধানীতেও বর্তমানে কিছুটা লোডশেডিং হচ্ছে।

আগের সরকারের সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে ঢাকায় তুলনামূলকভাবে তা দেওয়া হতো না। তার মতে, ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি বেশি হওয়ায় রাজধানীবাসী লোডশেডিংয়ের অভিজ্ঞতা কম পেয়েছেন।

২০২৩ সালের তুলনায় লোডশেডিং কমেছে

২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্টের গড় লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিংয়ের পরিমাণ ২০২৩ সালের তুলনায় কম ছিল।

তিনি জানান, ২০২৩ সালের জুনে দেশে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। চলতি বছরের জুনে তা কমে ৭৪১ মেগাওয়াটে নেমেছে।

একইভাবে, ২০২৩ সালের জুলাইয়ে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট। ২০২৬ সালের জুলাইয়ে এর পরিমাণ ছিল ৪৬০ মেগাওয়াট।