ধর্মীয় সম্প্রীতি নষ্টে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

রাজনীতি
ধর্মীয় সম্প্রীতি নষ্টে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী
৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষের দীর্ঘদিনের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ভাঙতে পারবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। দেশের মানুষ একে অপরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশ নিয়ে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। তার মতে, তিন ধর্মের পৃথক কল্যাণ ট্রাস্ট পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও মর্যাদার জায়গা নিশ্চিত করার নীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ নীতি প্রতিষ্ঠা করেছিলেন বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার আওতায় সব ধর্মের মানুষ একই ছায়াতলে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ধর্মীয় সম্প্রীতি দেশের দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্য। তাই এই ঐতিহ্য রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ আরও শক্তিশালী করতে হবে।

একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জিয়া উদ্যানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।