আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতিও খতিয়ে দেখবে কমিটি: তাহের
আওয়ামী লীগ সরকারের ১৭ বছর, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির ঘটনা খতিয়ে দেখবে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার পাবে
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোথাও দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
তিনি বলেন, কমিটির পক্ষ থেকে সরকারের কাছে পাঠানো সুপারিশ বাস্তবায়নে সরকার বাধ্য। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করবে কমিটি।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আপত্তি
বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে উত্থাপিত আটটি আপত্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান কমিটির সভাপতি।
তিনি বলেন, বিষয়গুলো পর্যালোচনার জন্য একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


