৫ মাসেই রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ শোধ করল সরকার

জাতীয়
৫ মাসেই রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ শোধ করল সরকার
৯ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। নির্দিষ্ট পাঁচ মাসের হিসাবে এটিই বিদেশি ঋণ পরিশোধের সর্বোচ্চ রেকর্ড।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত এই অর্থ পরিশোধ করা হয়। এর মধ্যে আসল বাবদ ১৩৫ কোটি ২৪ লাখ ডলার এবং সুদ বাবদ ৬৯ কোটি ৫২ লাখ ডলার পরিশোধ করেছে সরকার।

গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ হয়েছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে পরিশোধ বেড়েছে ১৫ কোটি ৪ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৮৪৯ কোটি টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইআরডির তথ্য বলছে, গত কয়েক বছরে বিদেশি ঋণ পরিশোধের চাপ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে ২৬৭ কোটি ডলার থেকে ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৩৩৭ কোটি এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪০৯ কোটি ডলারে দাঁড়ায়। ২০২৫-২৬ অর্থবছরে পরিশোধের পরিমাণ আরও বেড়ে ৪৪৯ কোটি ডলারে পৌঁছায়।

ইআরডি কর্মকর্তারা বলছেন, গত দেড় দশকে নেওয়া বিভিন্ন মেগা প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এখন আসল ও সুদ একসঙ্গে পরিশোধের চাপ তৈরি হয়েছে।

সরকারের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক কৌশল অনুসরণ করছে। প্রকল্পের প্রয়োজনীয়তা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক রিটার্ন নিশ্চিত না হলে নতুন ঋণের দায় নেওয়া হবে না।