ফ্যাসিবাদের সময়ে নারী-শিশুর ওপর নির্যাতন বেড়েছিল: রিজভী

রাজনীতি
ফ্যাসিবাদের সময়ে নারী-শিশুর ওপর নির্যাতন বেড়েছিল: রিজভী
৯ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদের আমলে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীদের ওপর চালানো নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় প্রতিবাদ করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন এমন অনেক নারীও নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা একটি ঘৃণ্য অপরাধ।

এ সময় দেশের জ্বালানি সংকট নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। কোনো একক রাষ্ট্রের পক্ষে এ সংকটের সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে গ্যাসের সংকট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈদেশিক কর্মসংস্থান প্রসঙ্গে রিজভী বলেন, এ খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।