মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

জাতীয়
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
৯ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেগুলোই সড়কে চলতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এসব বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য মেনে যানবাহন চলাচল করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলেও আদালতকে জানানো হয়।

পরে আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, আদালত স্পষ্ট করে জানিয়েছেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর অনুমতি নেই এবং হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেয়নি।