বৈধ প্রার্থী হলে স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন

জাতীয়
বৈধ প্রার্থী হলে স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন যে কোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী শাহে আলম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। কারণ স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। ফলে কোনো দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীকও থাকবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, স্থানীয়ভাবে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় বিএনপিকে সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো অবস্থান নেবে না বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করা।

প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যারা বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তারা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য জনগণের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে।