আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

জাতীয়
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এবারের সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং সরকারের বিভিন্ন নীতিগত অবস্থান তুলে ধরেন তিনি।

বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসব বৈঠকে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

ভারতের সঙ্গে ‘নতুন ও কার্যকর’ সম্পর্ক চায় ঢাকা

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।

সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে সমালোচনা

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ওই পদে দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা তার ছিল না। তার ভাষ্য, নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেখান থেকে দুর্নীতির গন্ধ বের হয়ে এসেছে।

তিনি জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে নিউইয়র্কে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে। বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও অন্যান্য বৈঠকেও রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা

বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।