তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে ব্যর্থ, মানবাধিকারও নিরাপদ নয়: নাহিদ

রাজনীতি
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে ব্যর্থ, মানবাধিকারও নিরাপদ নয়: নাহিদ
১৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়। তাঁর অভিযোগ, সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ ও সুশাসন দিতে ব্যর্থ হয়ে এখন নাগরিকদের মৌলিক অধিকারও হরণ করছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদ’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, দ্রুত সঠিক পথে ফিরে এসে গণতন্ত্রের পথে আসতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী মত দমনে নাগরিকের মৌলিক অধিকার হরণের পথে হাঁটছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, সাত মাস পর দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলের নেতাকর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, সরকারের সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করা উচিত।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অতীতে বিএনপির বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ ছিল, সেগুলোর মতোই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও চাঁদাবাজি চলছে। তাঁর দাবি, জনগণ অতীতেও দেখেছে কারা দুর্নীতি করেছে।

দুদক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেটি সংস্কার না করে আগের পথেই এগোচ্ছে এবং বিরোধীদের বিরুদ্ধে দুদককে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তাঁর অভিযোগ, পুলিশ সংস্কার কমিশন না করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল করে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র ও মানবাধিকার তাঁর হাতে নিরাপদ নয়। তিনি তারেক রহমানকে ‘নতুন স্বৈরাচার’ হিসেবে অভিহিত করে দাবি করেন, এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে জনগণ রাজপথে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের যোগ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের প্রচারণার মধ্যে সরকার বিতর্কিত আইন পাস করে তাদের হাতে আরও যুক্তি তুলে দিচ্ছে। জাতিসংঘে গিয়ে এসব বিষয়ে প্রধানমন্ত্রী কী জবাব দেবেন, সে প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, শুধু বিএনপির নয়। তাঁর মতে, সেখানে জাতীয় ঐক্যের চিত্র তুলে ধরা প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সমালোচনা থাকলেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছিলেন।

বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও গণআন্দোলনের পরিস্থিতি তৈরি হচ্ছে। তাঁর অভিযোগ, সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ ও সুশাসন দিতে ব্যর্থ হয়েছে; এখন মানবাধিকার হরণ করছে এবং গণভোটের রায়ও বাস্তবায়ন করেনি।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করা একটি দল ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করছে। অতীতে যে দলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, সেই দলই এখন অন্যদের মানবাধিকার হরণ করছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।