বিএনপি কথায় নয়, কাজ দিয়ে ওয়াদা বাস্তবায়ন করছে: সালেহ প্রিন্স
জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি বিএনপি ভুলে যায়নি বা অস্বীকার করছে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, শুধু নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি নয়, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং দল প্রতিষ্ঠার পর থেকে জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের যৌথ সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি ভুলে গেছে—বিরোধী দলের নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে, অন্যদিকে এর বাস্তবায়নে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নেওয়া হচ্ছে না—এমন প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, ধর্মীয় গুরুদের আর্থিক সহায়তা, কৃষিঋণ মওকুফ, জ্বালানি ও গ্যাস সংকট নিরসন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার, যুবকদের কর্মসংস্থান এবং বন্ধ শিল্পকারখানা চালুর মতো বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বাইরে থেকে প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন না তুলে জুলাই সনদ বাস্তবায়নের সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। তার ভাষ্য, সমালোচনা করার অধিকার সবার রয়েছে, তবে জনগণকে বিভ্রান্ত করার অধিকার কারও নেই।
বিরোধী দলের বিভিন্ন দাবির প্রসঙ্গ টেনে এমরান সালেহ প্রিন্স বলেন, কিছুদিন আগে ছয় দফা, পরে সাত দফা এবং বর্তমানে আট দফার কথা বলা হচ্ছে। আবার শেষ পর্যন্ত এক দফায় যাওয়ার কথাও বলা হচ্ছে। প্রতিদিন দাবির সংখ্যা বাড়ানো-কমানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতে বিরোধী দলের রাজনৈতিক অগ্রাধিকার নিয়েই প্রশ্ন তৈরি হচ্ছে।
সভায় তৃণমূলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও জীবনধারা অনুসরণের আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স। পাশাপাশি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির নেতাদের নিজ নিজ এলাকায় জনপ্রিয়, গ্রহণযোগ্য, সৎ ও নিষ্ঠাবান নেতাদের বাছাই করার আহ্বান জানান তিনি।
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও উপজেলার ১২টি ইউনিয়নের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ফুলপুর উপজেলা শাখার সদস্যসচিব হেলালুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


