যুদ্ধের অবসানে ওয়াশিংটনকে তিন শর্ত তেহরানের
মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ও সামরিক উত্তেজনা কমাতে তিনটি শর্তের কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, শর্তগুলো পূরণ হলেই আলোচনায় ফেরার পথ তৈরি হতে পারে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই জানান, ইরানের প্রধান দাবির মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় এবং দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। তিনি বলেন, এসব শর্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে।
রেজাই বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কাতার ইরানের শর্তগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে বলে জানান তিনি।
ইরানের এই অবস্থানের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইরান আলোচনায় ফেরার ক্ষেত্রে যুদ্ধ বন্ধ ও অর্থ ছাড়ের পাশাপাশি নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।
রেজাই আরও বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসানই চায় না; সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার লড়াইও স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করে তেহরান। তার দাবি, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি কমেনি। একই সময়ে ইরান ও সৌদি আরবকে ঘিরে ইয়েমেনের হুথিদের হামলা-পাল্টা হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


