আবার যুদ্ধ শুরু হলে পুরোপুরি প্রস্তুত ইরান: আরাঘচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে ইরান তার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখার কথা জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাঘচি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সংঘাত শুরু হলে তা মোকাবিলায় তেহরান প্রস্তুত রয়েছে। তবে যুদ্ধের পাশাপাশি কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের সুযোগও বজায় রাখতে চায় ইরান।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের পক্ষ থেকে শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
পোস্টে আরাঘচি বলেন, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও তিনি নিউইয়র্কে যুদ্ধের প্রস্তাব নিয়ে যাননি; বরং শান্তির পথ তৈরির লক্ষ্যেই সেখানে গিয়েছিলেন।
তবে যেকোনো আগ্রাসনের মুখে ইরান প্রতিরোধ অব্যাহত রাখবে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, পরিস্থিতি যদি একটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকেও গড়ায়, তবু ইরান তার অবস্থান থেকে সরে যাবে না।
একই সঙ্গে কূটনীতির প্রতি তেহরানের আগ্রহের কথাও জানান আরাঘচি। তিনি বলেন, ইরান প্রকৃত অর্থে কূটনৈতিক আলোচনায় বসতেও প্রস্তুত।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধের আশঙ্কার পাশাপাশি আলোচনার সম্ভাবনাও থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলো।


