১৫ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার অস্ট্রেলিয়ায়
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) নগদ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে দেশটিতে সুদের হার গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত হওয়া এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতির ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সাম্প্রতিক তথ্যও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।
এক বিবৃতিতে আরবিএ জানায়, বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থায় নতুন করে বিঘ্ন তৈরি হয়েছে। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং সেই প্রভাব অন্যান্য পণ্য ও সেবার মূল্যেও ছড়িয়ে পড়ছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, সুদের হার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ তৈরি হলেও ঋণের খরচ বাড়ার কারণে ব্যবসা ও ভোক্তা ব্যয়ের ওপরও প্রভাব পড়তে পারে।


