নিউ ইয়র্কে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

নিউ ইয়র্কে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’
৬ অক্টোবর ২০২৬

মুসলিম নির্মাতাদের নিয়ে প্রথমবারের মতো বিশেষ চলচ্চিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ) নামের এই আয়োজনের লক্ষ্য প্রচলিত ধারণার বাইরে মুসলিম সংস্কৃতি, অনুভূতি ও জীবনযাত্রার বাস্তব গল্পগুলো চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা।

আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী উৎসবটির আয়োজন করা হবে। নিউইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটিই প্রথম বড় ও আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

উৎসবের আর্ট ডিরেক্টর হাসান বাবর বলেন, মুসলিমদের নিয়ে মূলধারার গণমাধ্যমে প্রচলিত ভুল ধারণার শুধু জবাব দেওয়াই তাদের উদ্দেশ্য নয়। বরং মুসলিমদের নিজেদের গল্পকে চলচ্চিত্রের জগতে স্বতন্ত্র ও স্থায়ী অবস্থান দেওয়া উৎসবটির অন্যতম লক্ষ্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, নিউইয়র্কে মুসলিমদের নিজেদের গল্প নিজেদের ভাষায় ও মর্যাদার সঙ্গে তুলে ধরার অধিকার রয়েছে। অন্যের তৈরি করা কোনো নির্ধারিত কাঠামোর মধ্যে থেকে সেই গল্প বলতে হবে—এমনটি তারা মনে করেন না।

বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী আয়োজনে বিশ্বের সাতটি দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ড্রামা, কমেডি, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন ও সামাজিক পরীক্ষাধর্মী কাজ রয়েছে।

উৎসবের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো নির্বাচিত চলচ্চিত্রের অর্ধেকের বেশি পরিচালনা করেছেন নারী নির্মাতারা। ছবিগুলো দুটি পৃথক পর্বে প্রদর্শিত হবে। পরে সেরা কাজগুলোর জন্য জুরি সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

ছয় সদস্যের জুরি বোর্ডে আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা রয়েছেন। তাদের মধ্যে আছেন ‘দ্য ডেইলি শো’ খ্যাত এমি পুরস্কারজয়ী অভিনেতা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।

আয়োজকদের আশা, মুসলিম নির্মাতাদের সৃজনশীলতা ও বৈচিত্র্যময় গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরার পাশাপাশি নিউইয়র্কের চলচ্চিত্র অঙ্গনে নতুন নির্মাতাদের জন্য একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম তৈরি করবে এই উৎসব।