মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, ধরলেন ৬ জনকে

জাতীয়
মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, ধরলেন ৬ জনকে
১৭ অক্টোবর ২০২৬

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। এর একটি ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে পিস্তল দেখা গেছে, যার কিছু অংশ ঝাপসা করে রাখা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে এ অভিযান চালানো হয়।

প্রকাশিত ভিডিওতে বলা হয়, ওই এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিক্রেতাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে থাকা পিস্তলটি কী ধরনের অস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তাঁর হাতে অস্ত্রটি থাকার কারণ কিংবা সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পরে ইশরাক হোসেনের মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।

বার্তায় ইশরাক হোসেন বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে।

অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদক বিক্রেতাদের কোনো স্থান নেই। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মাদক কারবারিদের ধরতে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, যারা বাইরে থেকে এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত ও আটক করতে সহযোগিতা করলে সংশ্লিষ্টদের মূল্যায়ন করা হবে। ঢাকা-৬ আসন থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

ভিডিওতে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অনুরোধ করতে দেখা যায়। এ সময় ইশরাক হোসেন তাঁদের আশ্বস্ত করে বলেন, তাঁদের ওপর কেউ হামলা করবে না। পুলিশ তাঁদের থানায় নিয়ে যাবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কাউকে মারধর করার জন্য নয়, বরং আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন তিনি।