ভোটার তালিকা নিয়ে ইসির ঘোষণা: ২৫ নভেম্বর চূড়ান্ত প্রকাশ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ভোটার এলাকার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে ইসির এ সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের নির্বাচনের তফশিল আগামী ডিসেম্বরে ঘোষণা হতে পারে। এ নির্বাচন সামনে রেখেই ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা শেষ হয়েছিল। সে সময় নভেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল কমিশনের। তবে ভোটের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাঁদের জন্ম, তাঁরা নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো আপত্তি থাকলে তা ২০ নভেম্বরের মধ্যে জানাতে হবে।
জমা পড়া দাবি ও আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করে পরদিন, ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
অন্যদিকে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।


