প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

জাতীয়
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
১৯ অক্টোবর ২০২৬

রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়ার দুই দিন পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

নিজের পরিচয় তুলে ধরে ইশরাক বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে ব্যাখ্যা দিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

ইশরাক বলেন, ‘আজকের দিন হতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি সেই সুযোগ দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন আপনার এবং সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।’

এর আগে রোববার রাতে ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাঁর প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নিতে দেখা যায় ইশরাক হোসেনকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

এরপর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এর পরদিন সংবাদ সম্মেলনে নিজেই প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন ইশরাক।

তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।