ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
১ নভেম্বর ২০২৬

ছাত্রজীবনে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তার প্রভাব কোনোভাবেই কর্মজীবনে পড়তে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কর্মজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

আইন প্রয়োগে সতর্কতা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ

পুলিশ ও আনসার ক্যাডারের কাজের ধরন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য ক্যাডারের তুলনায় এসব বাহিনীর দায়িত্ব সম্পূর্ণ আলাদা। তাঁদের অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পুলিশ ও আনসার ক্যাডারে যোগ দিলেন ৮৪ কর্মকর্তা

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।