১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

অন্যান্য
১০ লিটার তেলে ৪৬০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা
৩ নভেম্বর ২০২৬

রাজধানীর মতিঝিলে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি তেল সরবরাহের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মতিঝিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মেসার্স পূবালী ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পেট্রোল সরবরাহের ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল সরবরাহের ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার তেল কম পাওয়া যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

জনস্বার্থে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।