বিসিবি সভাপতির পদে রদবদলের গুঞ্জন, ফারুক আহমেদ সরানোর পেছনে কী আছে?

খেলাধুলা
বিসিবি সভাপতির পদে রদবদলের গুঞ্জন, ফারুক আহমেদ সরানোর পেছনে কী আছে?
নিউজ ডেস্ক
২৯ মে ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। বৃহস্পতিবার সকাল থেকেই ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বর্তমান সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার স্থানে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বসানোর পরিকল্পনা চলছে। আরও চমকপ্রদ তথ্য হলো—বলা হচ্ছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া স্বয়ং ফারুক আহমেদকে সরে দাঁড়াতে বলেছেন।

ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন—ফারুক আহমেদকে কেন সরানো হচ্ছে? বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের কার্যক্রম নিয়ে কোনো বড় ধরনের ব্যর্থতা বা অনিয়মের অভিযোগ সামনে আসেনি। বরং বিসিবির কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিপিএলে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড গড়ার মতো ইতিবাচক দিকগুলো তার মেয়াদে ঘটেছে।

তবে সম্প্রতি একটি আর্থিক সিদ্ধান্ত নিয়ে তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, তিনি বোর্ড সদস্যদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা না করেই একটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সরিয়ে অন্য ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন—যদিও কোনো দুর্নীতির অভিযোগ আনেননি কেউ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ স্পষ্টভাবে বলেন, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তার ভাষ্য, “আমি তো নিজের থেকে বিসিবি সভাপতির দায়িত্ব নিইনি। ক্রীড়া উপদেষ্টাকে জিজ্ঞেস করেছি, আমি কি আপনাকে ফোন করে সভাপতি হতে চেয়েছিলাম?”

তিনি আরও বলেন, “আমি জানতে চেয়েছি, আমার অপরাধ কী? ব্যর্থতা কী? উপদেষ্টা বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বিপিএল নিয়ে আপনার ওপর অসন্তুষ্ট।’”

সূত্র বলছে, ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার চেষ্টায় বোর্ডের একটি অংশ অস্বস্তিতে আছে। কারণ, তারা মনে করেন, সম্প্রতি বিপিএল থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব এসেছে, কিছু সমস্যার দায় পুরো বোর্ডের নয়। এই অবস্থায় সভাপতিকে সরিয়ে দেওয়া হলে সেটি রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ বলেই মনে হবে।

ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। তবে বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ফারুক যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাকে সরানো কঠিন হবে। কারণ, তা হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে সরকার হস্তক্ষেপের বার্তা যাবে, যা বিসিবির জন্য আরও বড় সমস্যার কারণ হতে পারে।

ফারুক আহমেদ সরবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন, স্বেচ্ছায় পদত্যাগ করলে দায় নিতে হবে, কিন্তু পদচ্যুত হলে তিনি চাপের প্রসঙ্গ তুলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

এই মুহূর্তে বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব ও বোর্ডের স্থিতিশীলতা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশের ক্রিকেটপ্রেমী জনগণ।