নেত্রকোণায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু
নেত্রকোণায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে আগামী ২১দিন পর্যন্ত।
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেয়া হবে। এই উপজেলায় প্রায় ১৫হাজার শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা। উদ্বেগের বিষয় হলো জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উত্তম কুমার পাল জানান – জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত নেত্রকোণায় ৯৭ জনের শরীরে হামের নমুনা পাওয়া গেছে। এরমধ্যে ৩৯ জন জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১১জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আরও ৭৩ জনের নমুনা ঢাকার মহাখালীতে পাঠানো হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায় – নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামের লালন মিয়ার ছেলে জিমন ও পূর্বধলা উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে আদিল হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।


