ঝিনাইদহে ইটভাটার পুকুরে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি ইটভাটার পুকুর থেকে নিখোঁজ এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাসিমা খাতুন (১৪) সলেমানপুর গ্রামের বাসিন্দা এবং মৃত নাজমুল মীরের মেয়ে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


