পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ, কমবে তেলের ভিড় ও অপচয়
জ্বালানি তেলের অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত রোধে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল’ নামে একটি নতুন অ্যাপ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আসা প্রতিটি মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার জ্বালানি নেওয়ার পর পরবর্তী ৯৬ ঘণ্টা বা চার দিনের মধ্যে জেলার নির্ধারিত স্টেশনগুলো থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।
তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট ও অযথা ভিড় কমে আসবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্ভাবক জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি আগে ঝিনাইদহে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। পরবর্তীতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর উদ্যোগে এটি পিরোজপুরে চালু করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।


