আদ্-দ্বীন ঘটনার ক্ষতিপূরণ ঘোষণা, পরিবারপ্রতি ৮০ লাখ টাকা সহায়তা

দেশজুড়ে
আদ্-দ্বীন ঘটনার ক্ষতিপূরণ ঘোষণা, পরিবারপ্রতি ৮০ লাখ টাকা সহায়তা
নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিহত প্রতিটি শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আগে ঘোষণা করা অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত যৌথ বৈঠকে এই ক্ষতিপূরণের বিষয়ে সমঝোতা হয়। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালনকারী আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর জন্য পূর্বঘোষিত বিভিন্ন সহায়তাও অব্যাহত থাকবে। এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ নিহত নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসেবা, ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে, গত বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকারি তদন্তে নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।