নেত্রকোণায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়।
আজ সোমবার (৮জুন) দুপুরের দিকে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরামের আয়োজনে মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায় – “মাতৃস্বাস্থ্যের সমতা, বাদ যাবে না কোন মা” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে গ্রাম পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও কৈশোর বান্ধব সেবা কেন্দ্রগুলোতে সচেতনতা বাড়াতে আলোচনা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্থানীয় বেসরকারী সংগঠন স্বাবলম্বীর সহযোগিতায় জেলার স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের আয়োজনে আলোচনা ও স্বাস্থ্য ক্যাম্পটিতে নানান প্রশ্নের উত্তর দেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সহকারী বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আরিফুর রহমান ও মনিরা হোসেন।
স্বাবলম্বী উন্নয়স সমিতির কোহিনূর বেগমের সঞ্চালনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের দেয়া স্বাস্থ্য কেন্দ্র গুলোতে সেবা নিতে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানান পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম।
এসময় নারীরা মাতৃসদনের চিকিৎসা নিয়ে নানান জটিলতার কথা তুলে ধরেন। বাইরে ক্লিনিকে সিজারের ভয়াবহতা সম্পর্কেও নানান তথ্য ওঠে আসে।
আরো বক্তব্য দেন – জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আলপনা বেগম সহ শিক্ষার্থীবৃন্দ,গর্ভবতী মা, গর্ভবতী মায়েদের শ্বশুর, শ্বাশুড়ি ও অভিভাবকগণ।
আলোচনা শেষে শিক্ষার্থীগণ এধরনের কর্মসূচী আরো আয়োজনের দাবী জানান।


