নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় থানায় মামলা
নেত্রকোণা জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১জুন) সকালে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান – বুধবার (১০জুন) রাতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোণা জেলা শহরের আব্বাস নগর এলাকার বাসিন্দা এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব (আহত জুলাই যোদ্ধা) মুশফিকুর রহমান মিন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
নেত্রকোণা মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় – নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি, সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ, যুবলীগ নেতা দেওয়ান বাঁধন, ছাত্রলীগ নেতা কৌশিক রায়, গৌরব আহমেদ খান সহ ২৫জনকে এজাহার নামীয় আসামী এবং আরো ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে আসামীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলায় প্রকাশ – ২০২৪ সালের ৫ই আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর জুলাই আন্দোলনে নিহত ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে নেত্রকোণা থানাধীন জয়নগর মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। যা জুলাই যোদ্ধাদের আবেগের সাথে জড়িত। গত ১০জুন সকাল ৬টার সময় বাদী মুশফিকুর রহমান মিন্টু পথচারীদের মাধ্যমে জানতে পারেন যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এজাহারনামীয় সহ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নেত্রকোণা মডেল থানাধীন জয়নগর সাকিনস্থ জয়নগর মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বালিয়ে দেয়।
বাদী মুশফিকুর রহমান মিন্টু আরো জানতে পারেন যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সদস্যরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, “তোমরা যারা হাদি হবা, হাদির মত মারা খাবা” ইত্যাদি শ্লোগান দিয়ে বিবাদীগণ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বালিয়ে দেয় এবং উক্ত ঘটনা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা জুলাই চেতনার বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ সহকারে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, প্রচেষ্টা, প্ররোচনা ও পরস্পর সহায়তার মাধ্যমে বতর্মান সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ও জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে ঘটনাস্থলে অবস্থানসহ জুলাই সস্মৃতিস্তম্ভে আগুন জ্বালিয়ে শাস্তিযোগ্য অপরাধ করছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৯জুন) দিবাগত মধ্যরাতে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর ব্রীজের দক্ষিণপাড়ে পূর্ব পাশে জয়নগর মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আল মামুন সরকার জানান – এখন পর্যন্ত আসামী আটক নেই। তবে থানায় মামলা দায়েরের পর থেকেই আসামীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


