তালতলীতে ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

দেশজুড়ে
তালতলীতে ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলী থানার ব্যারাক থেকে মো. ফারুক গাজী (৫২) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে থানার ব্যারাকের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. ফারুক গাজী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চরাইল গ্রামের মৃত রত্তন গাজীর ছেলে। তিনি চলতি বছরের ১০ মে তালতলী থানায় কর্মস্থলে যোগদান করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে ব্যারাকে ঘুমাতে যান ফারুক গাজী। রোববার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। পরে কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানিয়েছে, ফারুক গাজীর পকেট থেকে টুকরো টুকরো পাঁচ পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের উদ্দেশে কিছু ব্যক্তিগত নির্দেশনাও লেখা ছিল বলে জানা গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের প্রাথমিক ধারণা, তিনি বিষাক্ত কোনো ট্যাবলেট সেবন করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।