বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি

দেশজুড়ে
বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬

দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলাসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়। মামলাটি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ সংশ্লিষ্ট।

তদন্তের স্বার্থে বেনজীর বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের অনুমোদনের পর গ্রেফতারি পরোয়ানা, মামলার বিবরণ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। এর ফলে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সংস্থাগুলোর নজরদারির আওতায় আসেন তিনি এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হন।

দুদকের মতে, গ্রেফতার আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন তাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর সমন্বিতভাবে প্রত্যর্পণ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে। নথিপত্র পাঠানোর পর কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে।