৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২
যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেট কার, মোবাইল ফোন এবং নগদ টাকাও জব্দ করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইলের খন্দকার মাহাবুবুল হক ও যশোরের মো. আনিস। স্বর্ণ বহনের অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণগুলো সীমান্তপথে ভারতে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে বিজিবি। তাদের দেওয়া তথ্যমতে, ঢাকার একটি চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে বিদেশে পাচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দকৃত আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


