নেত্রকোণায় গলাকাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

দেশজুড়ে
নেত্রকোণায় গলাকাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণা সদর উপজেলায় নিজ বসতঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন মডেল থানার পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার নিহত যুবক হলেন – নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুল ওরফে মাহফুল (৩৫)।

আজ রোববার (২৬জুলাই) সকাল ১১টার সময় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় একাধিক বাসিন্দা ও মডেল থানার পুলিশ সূত্রে জানা যায় – শনিবার দিবাগত-রাত আনুমানিক ১২টার পর থেকে রোববার (২৬জুলাই) ভোর আনুমানিক ৫টার মধ্যে যেকোনো সময় ভিকটিম মাসুল ওরফে মাহফুল মিয়ার বসত ঘরে তাকে গলাকেটে হত্যা করেছে।
পরিবারের লোকজনের বরাতে ওসি মোঃ আবুল খায়ের জানান – শনিবার দিবাগত-রাত আনুমানিক ১২টার পরে রাতের খাবার খেয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রোববার ভোর অনুমান ৫টার সময় ভিকটিমের মা ঘুম থেকে উঠে তার ছেলের শোয়ার ঘরের দরজা খোলা দেখতে পায়। তখন বৈদ্যুতিক লোডশেডিং চলছিল। পরে সেখানে গিয়ে টর্চের আলো জ্বালিয়ে তার ছেলেকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। ধারনা করা হচ্ছে ওই গ্রামের প্রতিবেশী সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০)-এর সাথে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান – খবর পেয়ে ঘটনাস্থলে মডেল থানার পুলিশ টিম ও পুলিশের গোয়েন্দা সংস্থার চৌকস টিম গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।