রাঙামাটিতে ৭০৭ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, প্রধান শিক্ষক নেই ৪৩৮টিতে, মোট শূন্য পদ ১১৯৭
দীর্ঘদিন ধরে নিয়োগ জটিলতায় রাঙামাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। জেলার ৭০৭টি বিদ্যালয়ের মধ্যে ৪৩৮টিতে নেই প্রধান শিক্ষক। পাশাপাশি সহকারী শিক্ষকের ৭৫৯টি পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে দুই-একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলায় প্রধান শিক্ষকের ৭০৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৬৯ জন। অন্যদিকে সহকারী শিক্ষকের ৩ হাজার ৩৩২টি পদের মধ্যে কর্মরত ২ হাজার ৫৭৩ জন। সব মিলিয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে শূন্যতা রয়েছে ১ হাজার ১৯৭টি।
শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও বয়সসীমা, কোটাব্যবস্থা ও আইনি জটিলতায় একাধিকবার নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। সর্বশেষ নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছে জেলা পরিষদ। তবে দীর্ঘসূত্রতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, শিক্ষক সংকটের কারণে কর্মরত শিক্ষকদের বেশি পরিশ্রম করতে হচ্ছে। নিয়োগের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত নিয়োগ সম্পন্ন করে বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট দূর করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দ্রুত নিয়োগ জটিলতা নিরসন করে শূন্য পদ পূরণ করা না হলে দুর্গম পাহাড়ি এলাকার প্রাথমিক শিক্ষায় বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বছরের পর বছর শিক্ষক পদ শূন্য থাকলে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে। তাই নিয়োগসংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে শূন্য পদ পূরণ করা এখন সময়ের দাবি।


