সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

দেশজুড়ে
সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত বছরের শিশু আমেনাকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ওবায়দুল হকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী-পুরুষ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাত বছরের শিশু আমেনাকে ধর্ষণের চেষ্টা করেছেন ওবায়দুল হক। এ ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্তারা বলেন, শিশুর নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।