জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি ও কারাগার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি ও কারাগার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে। একই এলাকায় ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ একাডেমি ও কারাগারের পাশাপাশি সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) স্থাপনাও নির্মাণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এলাকার বিভিন্ন মৌজায় থাকা সরকারি পাহাড়ি ও খাসজমি নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

এলাকার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এসব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সভায় প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার

এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঠেকাতে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া এলাকায় নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্যাম্পের বাইরে ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণের পাশাপাশি সোলার লাইট, সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার বা কন্ট্রোল টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ক্যাম্পের ভেতরে অপরাধ দমনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে এসব অভিযান পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ এসআই পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তের আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের অপরাধ তদন্ত ও দমন কার্যক্রম আরও গতিশীল হবে।

জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সহায়তায় নিরাপত্তা জোরদারের ব্যবস্থাও বহাল রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে নির্ধারিত এসওপি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব বলে সরকার বিশ্বাস করে।