সীতাকুণ্ডে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলিম উদ্দিন (৩৩) নামে এক যুবদল কর্মী নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ১১টার দিকে বড় দারোগারহাট বাজারে এ সংঘর্ষ ঘটে।
নিহত কলিম উদ্দিন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা শরিফের অনুসারী ছিলেন। আহত শাখাওয়াত (৩২) যুবদল নেতা ইসমাইলের অনুসারী বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, পুরোনো ব্যবসায়িক বিরোধ ও টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার রাতে এই উত্তেজনা চূড়ান্ত রূপ নেয় সংঘর্ষে। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহৃত সংঘর্ষে কলিম ও শাখাওয়াত গুরুতর আহত হন।
তাদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, রাজনীতি এখন ব্যবসায়িক স্বার্থের হাতিয়ার হয়ে উঠেছে, আর তার বলি হচ্ছে সাধারণ কর্মীরা।


