বিএনপির অভ্যন্তরীণ বিরোধে রক্তাক্ত সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম মহব্বত আলী (৫৫), তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মৃত হবিবার রহমানের ছেলে। আহতরা হলেন: রিফাজুল ইসলাম (৪০), মিকাইল হোসেন, রেজাউল ইসলাম (৪৩) ও ইউনুছ আলী (৬০)। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় মহব্বত আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে সেখানে তিনি মারা যান।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, জামাল ইউনিয়নে নজরুল ইসলাম মোল্লা ও যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নজরুল ইসলাম একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত বছর বিএনপিতে যোগ দিয়ে এলাকায় সংগঠন গঠনে সক্রিয় হয়ে ওঠেন। এতে দলের ভেতরে দ্বন্দ্ব তীব্র হয়।
রোববার সকালে দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়, শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলা। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন,
“সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম কাজ করছে।”
জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন,
“নজরুল ইসলাম মোল্লা বিএনপির নাম ব্যবহার করে একক আধিপত্য কায়েমের চেষ্টা করছে। রাজনৈতিক স্বার্থে সে আবারও আওয়ামী লীগের সাবেক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে দলীয় ঐক্য নষ্ট করছে।”
ঘটনায় নজরুল ইসলাম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


