ভয় দেখিয়ে ন্যায়বিচার থামানো যাবে না”: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী দৃঢ় ভাষায় জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতেই তারা দায়িত্ব গ্রহণ করেছেন এবং কোনও ভয়ভীতি বা হুমকি তাকে এবং তার সহকর্মীদের বিচারকাজ থেকে বিরত রাখতে পারবে না।
মঙ্গলবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারপতির জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও চিফ প্রসিকিউটরের দপ্তর।
বিচারপতি নজরুল ইসলাম বলেন,
“আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায়বিচারের জন্য এসেছি। গুলি, বোমা বা হুমকি দিয়ে এই বিচার বন্ধ করা যাবে না।”
তার বক্তব্যে জুলাই-আগস্ট গণহত্যার বিচারকে ঘিরে একটি শক্ত অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। চিফ প্রসিকিউটর বলেন,
“আজকের এই সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।”
গত ৮ মে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে, ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে একটি পৃথক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান ও বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সকল সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমান বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।


