মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন, শুরু হচ্ছে বিচার
জুলাই গণঅভ্যুত্থনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তৃতীয় আসামি, সাবেক আইজিপি মামুন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটাই প্রথম মামলার বিচার কার্যক্রম। আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেছে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
২০২৪ সালের জুলাই মাসে ঢাকার যাত্রাবাড়ী, মিরপুর, বাড্ডা ও নারায়ণগঞ্জসহ কয়েকটি এলাকায় ব্যাপক বিক্ষোভ, সরকারি দমনপীড়ন ও সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনাকে ‘রাষ্ট্রীয় সহিংসতা’ এবং ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেয়।
এই ঘটনাগুলো নিয়েই গঠিত মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়।
বিচার শুরু হওয়ার খবরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তৈরি হয়েছে। আওয়ামী লীগ এই মামলাকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে দাবি করলেও জুলাই আন্দোলনের আহত ও নিহতদের পরিবার মামলাকে ‘বিচারের পথে বড় অগ্রগতি’ হিসেবে দেখছে।


