চাঁনখারপুলে ৬ ছাত্র হত্যা
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ পুলিশের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
রাজধানীর চাঁনখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন—শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় বলা হয়েছে, এটি একটি পরিকল্পিত ও পদ্ধতিগত মানবতাবিরোধী অপরাধের অংশ ছিল।
মামলায় যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে:
-
পলাতক:
-
হাবিবুর রহমান (সাবেক ডিএমপি কমিশনার)
-
সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার)
-
শাহ্ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপকমিশনার, রমনা)
-
মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী কমিশনার, রমনা)
-
-
কারাগারে আটক:
-
মো. আরশাদ হোসেন (সাবেক পরিদর্শক, শাহবাগ থানা)
-
মো. সুজন হোসেন (সাবেক কনস্টেবল)
-
ইমাজ হোসেন
-
মো. নাসিরুল ইসলাম
-
গত ২৫ মে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করে এবং ২৯ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানায়। আজ (১৪ জুলাই) অভিযোগ গঠন অনুমোদন দিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চারজন পলাতক আসামিকে মামলা থেকে অব্যাহতির আবেদন করলেও তা এখনো গৃহীত হয়নি।


