বেনাপোল কাস্টমসে এনবিআর চেয়ারম্যান : যাত্রীসেবায় মান উন্নয়নের নির্দেশ

বেনাপোল কাস্টমসে এনবিআর চেয়ারম্যান : যাত্রীসেবায় মান উন্নয়নের নির্দেশ
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫

বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোলকে আধুনিক ও কার্যকর করতে ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। মঙ্গলবার (২২ জুলাই) বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনকালে এনবিআর চেয়ারম্যান কার্গো ইয়ার্ড, ভেহিকল স্ক্যানিং এলাকা এবং আন্তর্জাতিক চেকপোস্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি যাত্রীসেবা নিশ্চিত করা এবং রাজস্ব আদায়ে গতি আনতে আধুনিক কৌশল ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভার শুরুতে সাম্প্রতিক ‘মাইলস্টোন ট্র্যাজেডিতে’ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর এনবিআর চেয়ারম্যান আমদানি-রপ্তানিকৃত নিলামযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন, যাতে পণ্য জট হ্রাস পায় এবং বন্দরের কার্যকারিতা বাড়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “বেনাপোল কেবল একটি স্থলবন্দর নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে যেকোনো ধীরগতি বা দুর্বলতা জাতীয় রাজস্ব আদায়ে প্রভাব ফেলতে পারে।”

সভায় উপস্থিত ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ—সব পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান চেয়ারম্যান। তিনি বলেন, “ব্যবসায়ীদের যেন কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় না পড়তে হয়, তা নিশ্চিত করতে হবে।”

পরিদর্শনের শেষভাগে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে কাস্টমস ও রাজস্ব আদায় প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, চলতি জুলাই মাসেই এনবিআর চেয়ারম্যান ঢাকা কাস্টমস হাউস (৭ জুলাই) এবং পানগাঁও কাস্টমস হাউস (১০ জুলাই) পরিদর্শন করেছেন।