জুলাইয়ের ২৬ দিনে কোনো রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহে ভালো সূচনা হয়েছে। মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৯৩ কোটি ৩০ লাখ (১.৯৩ বিলিয়ন) মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৩ হাজার ৫৮২ কোটি ৬০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ের প্রাপ্ত রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ কোটি ৪০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার।
তবে রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক প্রবণতার মধ্যেও কিছু নেতিবাচক তথ্য রয়েছে। জুলাইয়ের প্রথম ২৬ দিনে নয়টি দেশি ও বিদেশি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
এই ব্যাংকগুলো হলো:
-
রাষ্ট্রায়ত্ত ব্যাংক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)
-
বিশেষায়িত ব্যাংক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)
-
বেসরকারি ব্যাংক: কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক
-
বিদেশি ব্যাংক: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে এসেছিল ২৮২ কোটি ডলার, যা একক মাস হিসেবে ছিল তৃতীয় সর্বোচ্চ।
তার আগের দুই মাস মে এবং মার্চে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৯৭ কোটি এবং ৩২৯ কোটি ডলার, যা ইতিহাসে দ্বিতীয় ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড হয়।
সারা ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ২৩ দশমিক ৯১ বিলিয়নের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।


